logo

সৌদি আরবে ফেনীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি আরবে ফেনীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহেদুল ইসলাম শুভ। ছবি: শুভর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নিহত শুভ ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবরামপুর এলাকার লাল মোহাম্মদ ভূঞা বাড়ির শহিদ উল্লাহ মিয়ার ছেলে।

শুভর সহকর্মী আরিফ জানান, শুভ একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন আসরের আজানের সময় শুভ ভবনের ছাদে যান। এর মধ্যে তার সঙ্গে কারও যোগাযোগ হয়নি। পরবর্তীতে এশার নামাজ শেষে রাতে রান্নার প্রস্তুতির সময় ছাদে যান আরিফ। লাইট জ্বালিয়ে শুভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে শুভর কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সিআইডিসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ আরিফকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার প্রয়োজনীয় তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট রেখে ছেড়ে দেন।

জানা গেছে, বর্তমানে শুভর মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের মামা সিদ্দিক রাজু এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ভাই এক বোনের মধ্যে শুভ ছিল বড়। সে পরিবারের সবার আদরের সন্তান ছিল। তার মৃত্যুর বিষয়টি আমাদের খুব কষ্ট দিচ্ছে। ধারণা করছি, কারও প্ররোচনা এর পেছনে কাজ করছে। আমরা তথ্য-প্রমাণ যোগাড় করছি। এ বিষয়ে আদালতের দারস্থ হব।