logo

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ
গ্রাফিক্স: এশিয়া পোস্ট

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পৌর এলাকার চৌমাথা মোড় ও রংপুর-ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার চৌমাথা মোড়সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিবদমান একটি পক্ষ রংপুর-ঢাকা মহাসড়কের উত্তর দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা কিছুটা পিছু হটেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এলাকায় কয়েকটি বিকট শব্দ শোনা যায়। পরে পুলিশ জানায়, ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হঠাৎ বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় চৌমাথা মোড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে ছোটাছুটি করতে দেখা যায়।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।