দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

কালবৈশাখী ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে রাজবাড়ী অঞ্চলে কালবৈশাখী ও পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দুই ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ৫টা ৪৫ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে নৌরুটে চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা সূত্রে জানা গেছে, বর্তমানে এ নৌরুটে মোট ১০টি ফেরি চলাচল করছে। এর মধ্যে দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি অবস্থান করছিল। ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় আটকে পড়া যানবাহন ও যাত্রীদের পারাপার শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।