নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, আলিফ ফকির দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনের একটি দোকানে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আলিফ ফকিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
