প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

শেরপুরের নকলায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্যবিয়ে। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে জরিমানা করার পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কায়দা গ্রামে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার কায়দা গ্রামের মাহির মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ে মুন্নি আক্তারের সাথে জালালপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসিফের বিয়ের দিন ধার্য ছিল। শুক্রবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে উপস্থিত হন এবং বিয়েবন্ধের নির্দেশ দেন।
বরপক্ষের ছাপানো দাওয়াতপত্র অনুযায়ী, শনিবার বরের বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। তবে তার আগেই প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের পুরো আয়োজন ভেস্তে যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার তথ্য পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের আইনসম্মত বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।
অভিযান পরিচালনাকালে নকলা থানা-পুলিশের সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সাদিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
.png)





