চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী উপজেলার অংশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাক থেকে নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া ব্যক্তি ট্রাকের চালক। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অবস্থায় তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বলেন, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সরাসরি নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হলেও ট্রাকচালকের সহকারী এখনও নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ফেরিঘাটে একের পর এক দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।