logo

ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, যুবদল নেতা আহত

ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, যুবদল নেতা আহত
বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা আওয়ামী লীগের ২ কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা যুবদলের কর্মী রাজু শেখ আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংক মোড় অতিক্রম করার সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের সিনিয়র নেতারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

এ সময় মিছিলের নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় রাজু শেখ নামে জেলা যুবদলের একজন কর্মী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পরই আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করা হয়।

তবে তারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তাদের নাম-পরিচয়ও জানা যায়নি। আটকের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতারা।

এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তাৎক্ষণিকভাবে ক্যামেরার সামনে কথা বলেননি। তবে ওই দুই আটককৃত ব্যক্তিদের আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।