logo
Advertisement

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চাঁদপুর, চট্টগ্রাম
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি মো. জামাল হোসেন। ছবি: এশিয়া পোস্ট

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল হোসেন (জামাল মিয়া) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে একদল সন্ত্রাসী তার দোকানে হামলা চালায় এবং গুলি চালালে এ ঘটনা ঘটে।

জামাল হোসেন চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। জামাল হোসেনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে বায়েজিদের বয়স ৮, মেয়ে সিনথিয়ার বয়স ৩ বছর এবং ছোট মেয়ে সামিরা আক্তারের বয়স ২ বছর।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী বলেন, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। দ্রুত তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনে তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।