পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কাজল মৃধাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক রেজাউল করিম কাজল মৃধা (৪১) কলাপাড়া পৌর এলাকার বাসিন্দা এবং হাজী মুক্তার হোসেন মৃধার ছেলে। তিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
আটকের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ এশিয়া পোস্টকে বলেন, বস্তাভর্তি নগদ টাকাসহ রেজাউল করিম কাজলকে কোস্ট গার্ড সদস্যরা আটক করেছেন। ঘটনাস্থল থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কলাপাড়া থানার ওসি এবং কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত মেজর উপস্থিত থেকে টাকা ও সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই করেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিপুল নগদ অর্থ বহনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় কলাপাড়া থানায় কোস্ট গার্ড বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।