Advertisement

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহত ফিরোজ বিশ্বাস। ছবি: এশিয়া পোস্ট

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত ফিরোজ বিশ্বাস সদর উপজেলার চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একদল চোর রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে আসে। ভোরের দিকে বিদ্যুতের খুঁটির নিচে একজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আজমল বিশ্বাস বলেন, বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজের মরদেহ পড়ে ছিল। পাশে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে।

বিষয় :