logo
Advertisement

চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চাঁদপুর
চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর
চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষ্য, সব ধরনের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনাটি কার্যকর ও বাস্তবসম্মত হলে দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

Advertisement

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরে ইপিজেডের দাবি তোলা হয়েছে। সবকিছু বিবেচনা করে, সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা দ্রুত চাঁদপুরে এটি বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, এই এলাকার সন্তানদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা নয়, দেশের অন্যান্য এলাকার যুবকদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের মাধ্যমে চাঁদপুরকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের এক মাসের মধ্যে সেটা শুরু করেছি। আগামী বাজেটে বরাদ্দ দিয়ে অধিকসংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামেলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামেলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

তিনি আরও বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা চায়। একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না। দেশের মানুষ শান্তি চায়, কিন্তু কেউ কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে।

সরকারপ্রধান বলেন, বাহির থেকে কেউ এসে কেউ দেশ গড়ে দেবে না। সেজন্য ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতে রূপান্তর করা গেলে দেশ এগিয়ে যাবে। বিএনপির সব কর্মসূচি এ দেশের খেটে খাওয়া মানুষেরই।

তিনি আরও বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদের উপবৃত্তি দেওয়া হবে। শিক্ষার ওপর সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে বাজেটে। শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হবে।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, আব্দুস সাত্তার পাটোয়ারী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখননস্থলে পৌঁছে ফলক উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পরে খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন তিনি। পরে খালের তীরে বৃক্ষরোপণ করেন।