logo

‘জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
‘জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না’
ছবি : এশিয়া পোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, তার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হতো না মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ।

শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফুলছড়ি উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

কামরুজ্জামান সোহাগ বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ যখন শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানে পালিয়ে যান তখন অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখাতে এগিয়ে আসেন একজন তরুণ মেজর, ২৬ মার্চে তিনি ভরাট কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেন। তার ঘোষণার ফলে জাতি দিশা ফিরে পায়, জিয়াউর রহমানের ডাকে এ দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধ যোগ দেয়, দেশ স্বাধীন হয়। ১৯৮১ সালের ৩০ মে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিলো তখনই পার্শ্ববর্তী দেশের ইন্ধনে কিছু কুচক্রী সেনা সদস্যের হাতে তিনি শাহাদতবরণ করেন। তিনি সব নেতাকর্মীকে জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে সালাম সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন রণাঙ্গনের যোদ্ধা, একজন সৎ নির্ভীক, আদর্শবান, অকুতোভয় রাষ্ট্রনায়ক। সালাম সরকার তরুণদেরকে বেশি বেশি করে জিয়াউর রহমানের জীবনীর ওপর পড়ালেখা করতে বলেন। দেশকে এগিয়ে নিতে হলে জিয়াউর রহমানের জীবনী চর্চার ওপর গুরুত্বারোপ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, তিতাস হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়নাল হোসেন, সব ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ, সব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকরা।