১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। এসব খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে যারা বিদেশে অবস্থান করছেন, তারা সেই অর্থ ভোগ করছেন, আর দেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের সংকটে কষ্ট পাচ্ছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আজ আমরা যে জ্বালানি সংকটের মধ্যে আছি, এর জন্য বিগত স্বৈরাচারী সরকারই দায়ী। অন্তর্বর্তী সরকারও বিদ্যুৎ ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৪৬ বছর ধরে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে আসছে। দেশের মানুষ যখনই বিপদে পড়েছে কিংবা দেশ কোনো সংকটে পড়েছে, বিএনপি সবার আগে জনগণের পাশে দাঁড়িয়েছে।
শামা ওবায়েদ বলেন, যারা আজ নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন ভবিষ্যতের কথা বলেন, তাদের মনে রাখতে হবে—বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতেও বিএনপি দেশের জন্য কাজ করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শামা ওবায়েদ গাছের চারা রোপণ করেন। আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



