logo
Advertisement

সীমান্তে দুই ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সীমান্তে দুই ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ
দুই ফাইটার মোরগ। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে দুটি ‘ফাইটার মোরগ’, বিপুল ওষুধ, মোবাইলের যন্ত্রাংশ ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

শনিবার (৮ আগস্ট) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বৈকারী, মাদরা ও কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় ফাইটার মোরগ জব্দ করে। একই উপজেলার ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে বৈকারী বিওপির একটি দল।

অন্যদিকে, কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ উদ্ধার করে কাকডাঙ্গা বিওপির সদস্যরা। এ ছাড়া একই উপজেলার রাজপুর মাঠ এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে মাদরা বিওপির একটি টহল দল।

বিজিবি জানায়, অভিযানগুলোতে জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সাধারণ ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আর উদ্ধার হওয়া মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী সময়ে জনসমক্ষে ধ্বংসের জন্য বিজিবির গুদামে সংরক্ষণ করা হয়েছে।

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।