সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনা দেখে সমাজকল্যাণমন্ত্রীর ক্ষোভ

রংপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর শালবন ইন্দ্রা মোড়ে অবস্থিত সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী কার্যালয়ের তৃতীয় তলায় শহর সমাজসেবার কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে ধুলার স্তর দেখতে পান। একইভাবে ভবনের চতুর্থ তলায় সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত দর্জি ও কম্পিউটার সেকশনেও ধুলাবালির উপস্থিতি তার নজরে আসে। এ সময় তিনি নিজ হাতে ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
সমাজকল্যাণমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে মনে হচ্ছে, গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেননি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে।
এর আগে তিনি রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন।
রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, একই ভবনে হলেও যে দুটি কক্ষে মন্ত্রী ধুলা দেখেছেন, তার একটি শহর সমাজসেবা এবং অন্যটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীন। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।




