পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তাকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। এত বছর পর কেন তার পদত্যাগের প্রয়োজন হলো, সেটি জনগণের কাছে প্রশ্ন। শুধু পদত্যাগ নয়, গণহত্যায় সমর্থন ও দুর্নীতির অভিযোগের কারণে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার, যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, ৫ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার বাস্তবায়ন ও জনগণের ৭০ শতাংশ ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা না থাকায় এবং সংস্কার এগিয়ে না নেওয়ায় বিশ্বের কোনো দেশ বর্তমান সরকারকে ঋণ বা কোনো ধরনের সাহায্য দিচ্ছে না। তারেক রহমান চীন সফর শেষ করে খালি হাতে ফিরেছেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া যাবে না।
দেশে গুণগত পরিবর্তনের জন্য এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি করেন, বর্তমান সরকার পরিবর্তনের শক্তি নয়। জাতীয় সংসদে এনসিপির মাত্র আটজন সংসদ সদস্য থাকলেও তারা ১০০ জন সংসদ সদস্যের চেয়েও বেশি শক্তিশালী ও সোচ্চার ভূমিকা পালন করছেন।
এর আগে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
.png)






