চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর- আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক রিপন হোসেন উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। সে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।