নাটোরে ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের জমি মাপাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাঁসুয়া নিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
