মাদারীপুরে হাসপাতালে আগুন আতঙ্ক, দৌড়ে পালালেন রোগীরা

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতঙ্কে রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বের হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পাননি।
রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টার পর রোগীরা হাসপাতালের বেডে যান।
জানা যায়, রোববার রাত ১০টার দিক জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় একজন রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দ করে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। নিমিষেই হাসপাতালের ষষ্ঠ তলার ফ্লোরটি কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে।
আগুন আতঙ্কে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়।
খবর পেয়ে হাসপাতালের আরএমও ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। রাত সাড়ে ১০টার দিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না দেখতে পেয়ে প্রকৃত ঘটনা পর্যবেক্ষণ করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত প্রায় সাড়ে ১১টার দিক রোগীরা বেডে ফিরে যান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইব্রাহিম বলেন, আমার এক নার্স আমাকে ফোন করে বিষয়টা জানান। মূলত এটা গ্যাস লিক থেকে এ ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বা কোনো আগুন ধরেনি।
এ বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক এসে গ্যাস সিলিন্ডার লিকেজ দেখি নাই। বরং অক্সিজেনের পাইপে লিক ছিল। এখান থেকে অক্সিজেন বের হচ্ছিল, কিন্তু কোনো আগুন ধরেনি।