logo

অনলাইন জুয়ার ঋণের চাপে প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মচারীর

অনলাইন জুয়ার ঋণের চাপে প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মচারীর
সুমন চন্দ্র। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।

নিহতের স্বজন অখিল চন্দ্র বলেন, সুমনের পরিবারে কোনো দৃশ্যমান পারিবারিক বিরোধ ছিল না। সংসারেও আর্থিক সংকট ছিল না। তবে সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। কয়েক দিনের ব্যবধানে অনলাইন জুয়ায় বিপুল অর্থ হারিয়ে তিনি দেনাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে মানসিকভাবে হতাশ হয়ে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেছেন বলে তাদের ধারণা।

নিহতের কাকা সুধীর চন্দ্র বলেন, সুমন ডোমার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। শনিবার (৩ অক্টোবর) ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। ওই দিন সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের শ্মশানঘাট এলাকায় গিয়ে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি নিজেই মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।