logo

বগুড়ায় ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

বগুড়ায় ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু
বগুড়া। ছবি: সংগৃহীত

বগুড়া সিটি করপোরেশন এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পূর্ণাঙ্গ ওয়াসা (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়াও শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে বগুড়া সিটি করপোরেশন এলাকায় ওয়াসা গঠনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নগর এলাকায় পানির চাহিদা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে আধুনিক পদ্ধতিতে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর স্থানীয় সরকার বিভাগ দ্রুত প্রশাসনিক কাঠামো গঠন, জনবল নিয়োগ এবং নাগরিক সেবা সম্প্রসারণের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে আধুনিক পানি ব্যবস্থাপনা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।

প্রতিমন্ত্রী আরও বলেন, করতোয়া নদীর দূষণ এবং ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক ঝুঁকি কমাতে সমন্বিত পানি সরবরাহ প্রকল্পের আওতায় ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নগরীর বর্ধিত এলাকার পানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত ওয়াসা গঠনের গেজেট প্রকাশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।