logo

শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, বাবাসহ সৎমা গ্রেপ্তার

শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, বাবাসহ সৎমা গ্রেপ্তার
গ্রেপ্তার আকলিমা ও আব্দুল কাদির। ছবি : পুলিশের সৌজন্যে

ময়মনসিংহের আড়াই বছরের শিশু ওয়াসকুরুনি ইসলামকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা আব্দুল কাদির ও সৎ মা আকলিমার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা শেফালী আক্তারের করা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুরে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শিশুটিকে ডিম খাওয়ানোর পর পানি পান করান তার সৎ মা আকলিমা। পরে শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়ানোর জন্য বিছানায় শুইয়ে দেন তিনি। একপর্যায়ে শিশুটি কাশি দিতে শুরু করলে শব্দ শুনে তার দাদি আছিয়া আক্তার ঘরে যান। পরে শিশুটিকে বাইরে নিয়ে এসে তার মুখ থেকে বিষের গন্ধ পান বলে জানান তিনি।

বিষয়টি শিশুটির চাচারা তার বাবাকে জানান। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা শেফালী আক্তার জানান, আব্দুল কাদিরের সঙ্গে তার ১৫ বছর আগে বিয়ে হয়। সংসারের অভাব দূর করতে বাবার বাড়ি থেকে টাকা এনে সংসার গুছিয়েছিলেন তিনি। তাদের দুই ছেলে রয়েছে। প্রায় এক বছর আগে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের সংসারে ভাঙন দেখা দেয়। স্বামীর ঋণ পরিশোধ করতে গিয়ে বাধ্য হয়ে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন তিনি।

শেফালীর অভিযোগ, তার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছেন আব্দুল কাদির ও তার বর্তমান স্ত্রী আকলিমা। তাকে না জানিয়েই শিশুটিকে হাসপাতালে নেওয়া এবং পরে দাফনের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পরে শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন বলে জানান শেফালী। এ ঘটনায় তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

শিশুটির দাদি আছিয়া আক্তার জানান, ঘটনার দিন নাতির কাশির শব্দ শুনে ঘরে গিয়ে দেখেন, তার সৎ মা শিশুটিকে নিয়ে শুয়ে আছেন। পরে নাতিকে সেখান থেকে বাইরে নিয়ে আসেন। তখন শিশুটির মুখে বিষের গন্ধ পান বলে দাবি করেন তিনি। এরপর শিশুটির চাচারা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মায়ের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।