logo
Advertisement

লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে আহত ৫

এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে আহত ৫
প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ফরহাদ হোসেন জনি নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জের সাদারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসী যাত্রীকে নিয়ে একটি প্রাইভেটকার চন্দ্রগঞ্জের সাদারঘর এলাকায় পৌঁছে রং সাইডে (উল্টো পথে) চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত স্কুলছাত্র ফরহাদ হোসেন জনিকে প্রথমে মাইজদীর প্রাইম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

দুর্ঘটনায় আহত অন্য কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।