logo

এমপির বক্তব্য ঘিরে কালীগঞ্জে বিএনপি-জামায়াতের উত্তেজনা

এমপির বক্তব্য ঘিরে কালীগঞ্জে বিএনপি-জামায়াতের উত্তেজনা
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জামায়াতের মানববন্ধনে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামীর মানববন্ধনে আবু তালিব বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। এমনকি গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও চাঁদা দাবি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলে বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর প্রতিবাদে রাত ৯টার দিকে শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে সংসদ সদস্য আবু তালিব ও জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধর্ম যার যার, উৎসব সবার, নীতিতে তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তাদের অভিযোগ, এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিএনপিকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা প্রতিহত করতে তারা রাজপথে থাকবেন বলে জানান।

যুবদল নেতা শাহীন লস্কার অভিযোগ করেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শনকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাজারে হট্টগোল সৃষ্টির চেষ্টা করেন।

দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে রাজনৈতিক উত্তেজনা দেখা দিলেও সংঘর্ষ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।