logo

ট্রাক্টরের ট্রলি বিচ্ছিন্ন, খুঁটিচাপা পড়া চালককে জীবিত উদ্ধার

ট্রাক্টরের ট্রলি বিচ্ছিন্ন, খুঁটিচাপা পড়া চালককে জীবিত উদ্ধার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় দুর্ঘটনার পর ট্রাক্টরে আটকে পড়া চালককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চলন্ত অবস্থায় বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক্টরের পেছনের অংশ (ট্রলি) বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রাক্টরে থাকা ভারী বৈদ্যুতিক খুঁটিগুলো চালকের আসনের ওপর আছড়ে পড়লে চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিস দ্রুত অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার দয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের অফিসার শরীফ আহমেদ কবিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হাইড্রোলিক কাটার ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে ট্রাক্টরে আটকে পড়া চালককে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে দুর্ঘটনায় চালক কোনো আঘাত পেয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন রক্ষায় ফায়ার সার্ভিস সর্বদা প্রস্তুত রয়েছে।