logo

তাদের প্রটোকল বিএনপির তিন গুণ বাড়িয়ে দিন : তারেক রহমান

তাদের প্রটোকল বিএনপির তিন গুণ বাড়িয়ে দিন : তারেক রহমান

সরকারকে বলব তাদের প্রটোকল বিএনপির তিন গুণ বাড়িয়ে দেওয়া হোক। তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এটা জানতে পেরে তাদের ‍ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান জনতার উদ্দেশে বলেন, যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, সেই দলটি সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা দেখতে পারছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে মিথ্যা। শুধু মিথ্যা কথাই না, গুনাহের কথা তারা বলছে।

তিনি বলেন, দলটি কীভাবে মিথ্যা কথা বলছে চলেন শুনি আমরা। আজ আমরা যে মাটির বুকে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কী বলেন তো? এই মাটির নাম বাংলাদেশ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। যে দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি…আমরা দেখেছি তখন কী ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেইসময় দেশের পক্ষে থাকত…যদি তাদের ভূমিকা সেসময় দেশের জনগণের পক্ষে থাকত…তাহলে ১৯৭১ সালে লাখ লাখ মানুষ শহীদ হত না। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার। আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।

সমাবেশে তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে জনগণ নির্বিঘ্নে মত প্রকাশ করতে পেরেছে। ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন মানুষ সরকার সমালোচনা করতে ভয় পেত না। কোনো মানুষ গুম বা খুনের শিকার হয়নি।

বিগত নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সেই নির্বাচন ছিল তামাশার। জনগণের ভোটাধিকার ছিল না। মানুষ তার কষ্টের কথা বলবে—এমন কাউকেও খুঁজে পায়নি।

উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা থেকে সিলেট যেতে যত সময় লাগে, লন্ডন যেতে তার চেয়েও কম সময় লাগে। এটিই আগের সরকারের উন্নয়নের বাস্তব চিত্র।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদরাসা মাঠের জনসভা করে থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারে পৌঁছান তারেক রহমান। আইনপুরের সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে চারজন সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে আগামী মাসের ১২ তারিখের নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। বহু মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন। সেই ত্যাগের মর্যাদা দিতে হলে কোথায় সিল মারতে হবে- ধানের শীষেই সিল মারতে হবে।

দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। একমাত্র ধানের শীষই সেই নিশ্চয়তা দিতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।