টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চারজন নিহত

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপ চালক নূরনবী (৬৪), নওগার পত্নীতলা উপজেলার হেলপার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর থানার সুমন (২৬)।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।
তিনি বলেন, মরদেহ সখীপুর থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
.png)

