মানিক পশারীর দাফনে বাধা: পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড’–এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে আমরা এ দেশকে স্বাধীন করেছি। একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেলে তাকে সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার দাফনে একটি স্বাধীনতা-বিরোধী চক্র বাধা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো. ইউনুস শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।
