জালে আটকা পড়ল ১২ ফুটের অজগর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় নদী থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট। পরে স্থানীয়রা সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের মহানন্দা নদী থেকে স্থানীয়রা সাপটি উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহানন্দা নদীতে কয়েকজন স্থানীয় বাসিন্দা মাছ ধরছিলেন। এ সময় তাদের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয়রা সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা মনির বলেন, সকালে মহানন্দা নদীতে মাছ ধরতে গেলে জালে অজগর সাপটি আটকে যায়। এ সময় সাপটিকে দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমান। পরে বন বিভাগকে জানানো হলে কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে তেঁতুলিয়া বন বিট কার্যালয়ে নিয়ে যান।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট কর্মকর্তা) নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১২ ফুট। আমরা সাপটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রেখেছি। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে এটিকে অবমুক্ত করা হবে।
গত ২-৩ বছরের ব্যবধানে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় ৫-৬ বার বার্মিজ অজগর সাপের দেখা মিলেছে। এরমধ্যে স্থানীয়দের সহায়তায় পাঁচটি অজগর উদ্ধার করেছে পঞ্চগড় বন বিভাগ।
