logo

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রম শুরু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রম শুরু
জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার করা হচ্ছে খাল। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে খাল থেকে অবৈধ নেট জাল অপসারণ ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি খালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিচ্ছন্নতা ও খাল রক্ষার এই অভিযান এক-দুই দিনের কর্মসূচি নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে কিছু ঘেরমালিক চিংড়ি চাষের জন্য খালে নেট জাল দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছেন। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।

তিনি ঘেরমালিকদের উদ্দেশে বলেন, নিজেদের উদ্যোগেই খালে দেওয়া নেট জাল ও প্রতিবন্ধকতা অপসারণ করুন। ভবিষ্যতে কোথাও অবৈধভাবে খাল দখল বা পানি চলাচলে বাধা দেওয়ার তথ্য পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম দিন খালের বিভিন্ন স্থানে স্থাপিত নেট জাল অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।

এ ছাড়া বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।