জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুবলীগের মানববন্ধন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে বিল হিসেবে পাস করার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রশাসন ভবনের ঠিক সামনেই মানববন্ধন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। জেলা পরিষদের সামনে রীতিমতো ব্যানার নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে মহানগর যুবলীগ নেতা গোলাম ছামদানি জনির অনুসারীরা এই মানববন্ধন করেন। এই মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ওই ব্যানারে লিখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন’।
ব্যানারে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, বর্তমান চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের পাশাপাশি গোলাম ছামদানি জনির ছবিও আছে। তবে মানববন্ধনে তাকে দেখা যায়নি।
ছবিতে থাকলেও কেন মানববন্ধনে নেই এমন প্রশ্নের জবাবে জনি বলেন, ‘আমাকে তো সাবেক সিএমপি কমিশনার হাসিব আজিজ শহরে প্রবেশ নিষিদ্ধ করেছে। অবৈধ মনে করলেও অথরিটির কথা মানার খাতিরে যাইনি। কিন্তু আমাদের সহকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে। মূলত আমাদের কোনো ব্যক্তিকে টার্গেট করে আওয়ামী লীগকে থামানো যাবে না। কেউ না কেউ এভাবে এগিয়ে আসবে।’
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে মানববন্ধন করলেও এ বিষয়ে কিছুই জানে না পুলিশ প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ বলেন, ‘একটা সভায় আছি। এমন কোনো কর্মসূচির বিষয়ে আমার জানা নেই।’