logo

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ও রেলপথ অবরোধ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ও রেলপথ অবরোধ

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক এবং গাজীপুর-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে তারা আন্দোলন শুরু করেন। এতে সড়ক ও রেলপথে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ সময়ে জয়দেবপুর জংশনে দুটি ট্রেন যাত্রাবিরতি করে।

এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীর জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে—দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।

এদিকে সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক এশিয়া পোস্টকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের দুটি ট্রেন যাত্রাবিরতি করে থেমে রয়েছে। এতে যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি।