logo

নেশার টাকার জন্য ১১ মাসের শিশুকে বিক্রি করেন বাবা, দুই মাস পর উদ্ধার

নেশার টাকার জন্য ১১ মাসের শিশুকে বিক্রি করেন বাবা, দুই মাস পর উদ্ধার
মায়ের কোলে উদ্ধার হওয়া ১১ মাস বয়সি শিশু। ছবি : ডিবি পুলিশের সৌজন্যে

গাইবান্ধায় নেশার টাকার জন্য ৪০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১১ মাস বয়সি শিশুকে দুই মাস পর উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফুলছড়ির মদনেরপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে গাইবান্ধা শহরের বাসটার্মিনাল এলাকার নানার বাড়ি থেকে দুধ কিনে দেওয়ার কথা বলে ১১ মাসের কন্যাসন্তান জান্নাতকে নিয়ে বের হন তার বাবা হামিদুল। এরপর থেকে সন্তান ও বাবার কোনো খোঁজ মেলেনি।

পরবর্তীতে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে হামিদুল তার একমাত্র কন্যাসন্তানকে ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।

এ বিষয়ে শিশুটির মা রুমানা আক্তার লিখিত অভিযোগ জানালে অনুসন্ধানে নামে ডিবি পুলিশ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ফুলছড়ির মদনেরপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয়সহ ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হবে।