Advertisement

বরিশালে পর্নোগ্রাফি মামলায় জিয়া মঞ্চের নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে পর্নোগ্রাফি মামলায় জিয়া মঞ্চের নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আহমদ উল্লাহ। ছবি: এশিয়া পোস্ট

বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।

গ্রেপ্তার আহমদ উল্লাহ (৩৫) বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এবং রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহমদ উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা; পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিষয় :বরিশাল