ট্রান্সফরমার ঠিক করতে গিয়ে বিদ্যুৎশ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. হেলাল উদ্দিন (৪৭) নামে এক বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) উপজেলার লক্ষীপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. হেলাল উদ্দিন উপজেলার চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ফুলবাড়িয়া কার্যালয়ের আওতাধীন স্থানীয় দেওখোলা ইউনিয়নের লাইন মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। তিনি বলেন, দুপুরে লক্ষীপুর বাজারে একটি ট্রান্সফরমারের ফিউজ লাগাচ্ছিল হেলাল উদ্দিন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন টের পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. সাইফুল্লাহ সাইফ।