Advertisement

বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলেন স্বামী, কুপিয়ে হত্যা করলেন স্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলেন স্বামী, কুপিয়ে হত্যা করলেন স্ত্রী
আটক রাতেজান বেগম। ছবি : এশিয়া পোস্ট

নাটোরে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সরকার মানু ওই এলাকার মৃত জিয়ারত আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বৃদ্ধ আব্দুল মান্নান সরকার মানুর সঙ্গে তার স্ত্রী রাতেজান বেগমের পারিবারিক কলহ চলছিল। শনিবার সকালেও তাদের ঝগড়া হয়। পরে দুপুরে আব্দুল মান্নান সরকার জমি থেকে কাজ করে বাড়িতে ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী বিছানায় শুয়ে পড়লে স্ত্রী ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় মানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেলারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং নিহতের স্ত্রী রাতেজান বেগমকে আটক করেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, রাতেজান বেগমের তথ্যমতে হাঁসুয়া উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।