কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলি, ৪ জন আহত

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় চারজন হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় উপজেলার চর সাদিপুর গ্রামের আনিছুর রহমান, দফাদার পাড়া গ্রামের জাহেদুল ইসলাম, আশরাফুল প্রামাণিক ও নওয়াব আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আনিছুর রহমানসহ দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আহত আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সে ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ আনিছুর রহমান বলেন, গত ৫ ফেব্রুয়ারি চর সাদিপুর গ্রামের সিহাবসহ কয়েকজন তার মেয়ের ঘরে ঢুকে নগদ ৪৫ হাজার টাকাসহ কিছু গয়না চুরি করেন। ঘটনার পরদিন দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে শিহাব ফোনে হুমকি দিতে থাকেন। দুপুরে কয়েকজন মিলে চোর ধরতে গেলে শিহাব, দোয়েল ও রিন্টু তাদের ওপর গুলি চালান।
তবে এ বিষয়ে শিহাব, দোয়েল বা রিন্টুর বক্তব্য পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে গুলিবিদ্ধ ব্যক্তিসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনিছুর রহমানের পায়ে গুলি লেগেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।