১২ বছর পর রাতে নতুন কমিটি, দুপুরেই ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

দীর্ঘ ১২ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে দুপক্ষের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রোববার (৩০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
দীর্ঘদিন পর ঘোষিত এই কমিটিতে ত্যাগী ও আন্দোলনের রাজপথের কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে—এমন অভিযোগে রোববার রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, বিগত আন্দোলনের চরম দুর্দিনে যারা সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে এই পকেট কমিটি করা হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, দীর্ঘ ১২ বছর পর কমিটি ঘোষণা হলেও ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি সংগঠনের জন্য হতাশাজনক।
পদবঞ্চিত ছাত্রদল নেতা মাইন উদ্দিন বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আজ কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আমাদের নাম নেই। দ্রুত ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



