Advertisement

ডিউটি ফেলে বিশ্রাম নিয়ে প্রত্যাহার হলেন পুলিশ সদস্য

এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ (ঢাকা)
ডিউটি ফেলে বিশ্রাম নিয়ে প্রত্যাহার হলেন পুলিশ সদস্য
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্য জুয়েল মিয়া। ইনসেটে তার বিশ্রাম নেওয়ার চিত্র। ছবি: এশিয়া পোস্ট

ডিউটির সময় বিশ্রাম নেওয়ার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল জুয়েল মিয়াকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার সাইফুল আলম।

এর আগে গত ৮ জুন রাতে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে টহল টিমের দায়িত্বে ছিলেন কনস্টেবল জুয়েল মিয়া। তিনি কার্যক্রম পরিচালনার পরিবর্তে একটি তেল পাম্পে গিয়ে জামা খুলে বিশ্রাম নেন। ওই সময় মহাসড়কে কয়েকটি গাড়ি ডাকাতির শিকার হয়।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। দায়িত্ব পালনের সময় তিনি কেন কর্মস্থল ত্যাগ করেছিলেন এবং তার কারণে টহল কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।