Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু
সর্বশেষ মারা যাওয়া শিশুটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ছবি: সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো হাম ও রুবেলা বিষয়ক দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৩৩ জন এবং সুনামগঞ্জে ৩২৭ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা। তার বয়স ছিল ১ বছর ১১ মাস এবং সে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে, এর মধ্যে ১০৪ জন উপসর্গ নিয়ে এবং ৬ জন নিশ্চিত হামে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের আহ্বান জানিয়েছে।

বিষয় :সিলেট