logo

নদীতে মাছ ধরতে গিয়ে গুলির বাক্স পেল দুই শিশু

নদীতে মাছ ধরতে গিয়ে গুলির বাক্স পেল দুই শিশু

নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে একটি বক্স। সেই বক্সে ছিল পিস্তলের ৫০টি গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলমের শিশু পুত্র মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের নাগর নদীতে মাছ ধরতে যায়। তারা নদীতে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে তারা ভেতরে ৫০টি পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের ক্লিনিং রড ও দুটি ব্রাশ পায়।

শিশুরা বিষয়টি বুঝতে না পেরে বাক্সটি বাড়িতে নিয়ে রাখে। পরে শিশুদের মা মরিয়ম বেগম সিংড়া থানায় ফোন করে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুদের মা মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা হঠাৎ একটি মাঝারি আকারের বাক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। কৌতূহলবশত বক্সটি খুলে তিনি ভেতরে গুলি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক থানায় খবর দেন এবং পরে বাক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থাকা ৫০টি পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব কোথা থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।