logo

নিজের জমিতে দেয়াল তুলতে গিয়ে হামলায় প্রাণ গেল কামরুলের

নিজের জমিতে দেয়াল তুলতে গিয়ে হামলায় প্রাণ গেল কামরুলের
কামরুল ইসলাম। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

বরিশাল নগরে জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরের পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের মামাতো সৎভাই সুরুজের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু করলে সুরুজের সঙ্গে কামরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। পরে বাটুল দিয়ে তার পিঠে কোপ দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কামরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট