logo
Advertisement

মণিরামপুরে ২৫ হিন্দু বাড়িতে আগুনের ভিডিওটি মিথ্যা: যশোর পুলিশ

মণিরামপুরে ২৫ হিন্দু বাড়িতে আগুনের ভিডিওটি মিথ্যা: যশোর পুলিশ
প্রেসব্রিফিংয়ে কথা এলন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। ছবি: এশয়া পোস্ট

যশোরের মণিরামপুরে হিন্দুপল্লির ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে প্রচারিত তথ্যের বাস্তব ঘটনার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে পুলিশ মনে করছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে— এমন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, যে কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করা জরুরি।

পুলিশ আরও জানায়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জেলার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে— এমন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।