logo

নড়াইলে ষাঁড়ের লড়াই ঘিরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নড়াইলে ষাঁড়ের লড়াই ঘিরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ষাঁড়ের লড়াই চলাকালে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই বিদ্যালয় মাঠে এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলা থেকে আসা প্রায় ১২০টি ষাঁড় অংশ নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিযোগিতা চলাকালে দুপুরের দিকে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং তা পরে সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়। এতে মাঠের ভেতর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ষাঁড়ের লড়াই আয়োজনের বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে বারবার সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানা গেছে।