টেকনাফে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের (টমটম) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবের হোসেন (৪২) হ্নীলা ইউনিয়নের লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে। আহতরা হলেন- তসলিমা (২৪), আরিয়ান, ফাতেমা (৩০), বদিউজ্জামাল (৬০), ইসমত আরা (২২), মৌসুমী (৮), মুনতাহা (২) এবং পথচারী আব্দুল্লাহ (২৫)।
টেকনাফ থানার উপপরিদর্শক মোহাম্মদ বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডেইল এলাকায় টমটম গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে আইওএম লেদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আহত মুনতাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।