কুমার নদে সাঁকো দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
-53ff6e-720x405.webp)
ফরিদপুরের সালথায় কুমার নদে বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বলতলা ব্রিজ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে বিকেলজুড়ে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদ ও পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বোয়ালমারী উপজেলার ময়েন্দিয়া বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ বিরোধের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। এরই ধারাবাহিকতায় শনিবার খারদিয়া-ময়েন্দিয়া কুমার নদে বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিকেল থেকে দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে নেতৃত্বদানকারী দুপক্ষের নেতাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


