logo

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ঘুমন্ত জামায়াত কর্মী

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ঘুমন্ত জামায়াত কর্মী

লক্ষ্মীপুরের চররমনী মোহন এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন জামায়াতে ইসলামীর এক কর্মী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঝলক মোহন্ত।

এর আগে, এদিন ভোররাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ জামায়াত কর্মী আব্বাস উদ্দিন সদর হাসপাতালে ভর্তি। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, আজ ভোর রাতে কেউ তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে তাদের বসতঘরটি পুড়ে যায়। ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও আব্বাস গভীর ঘুমে থাকায় দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন এসে আব্বাসকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মোহসিন কবির মুরাদ এশিয়া পোস্টকে বলেন, ভোটকেন্দ্রিক শত্রুতা করে জামায়াত কর্মীর ঘরে আগুন লাগানো হয়েছে। আমাদের কর্মী আব্বাস উদ্দিন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল বলেন, আব্বাসের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝলক মোহন্ত এশিয়া পোস্টকে বলেন, আগুনের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।