মেগা দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি জনগণ ভোটের মাধ্যমে আমাদের হাতে ক্ষমতা তুলে দেয়, তবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করে আনা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা জনগণের হক নষ্ট করেছে তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী যুবকদের কেবল ‘বেকার ভাতা’ দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায়। তিনি উল্লেখ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের মূল দাবিই ছিল কর্মসংস্থান। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। জেলা সেক্রেটারি আ স ম সায়েম, জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি এস এস এম ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।