চট্টগ্রামে বেতন-ভাতার দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম গ্রুপের মালিকানাধীন সাভার সোয়েটার্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (২ মে) সকাল ৯টার দিকে নগরীর কালুরঘাট শিল্প এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এদিন বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।
রাস্তা অবরোধের কারণে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছে। পুলিশ ও মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, তাদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত চার মাসের ওভারটাইমের টাকা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এজন্য পাওনা আদায়ের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন এবং সিএন্ডবি মোড় এলাকায় যানচলাচল বন্ধ করে দেন।
কারখানা কর্তৃপক্ষ বরাতে শিল্প পুলিশ জানায়, গত ৫-৬ মাস ধরে কারখানায় কোনো কাজের অর্ডার নেই। তা সত্ত্বেও মালিকপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করে আসছে। কোনো শ্রমিক ছাঁটাই করা হয়নি। মূলত দুই মাসের ওভারটাইমের দাবিকে কেন্দ্র করে দুটি ইউনিটের শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামের শিল্পাঞ্চল পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আমাদের কাছে প্রতিষ্ঠানটির বেতন আটকে থাকার কোনো তথ্য নেই। বন্ধ কারখানায় নিয়মিত বেতন দেওয়ার পরও শ্রমিকদের এই আন্দোলনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা আমরা তদন্ত করে দেখছি।