logo

জব্বারের বলীখেলা: এবারও ফাইনালে বাঘা শরীফ ও রাশেদ

জব্বারের বলীখেলা: এবারও ফাইনালে বাঘা শরীফ ও রাশেদ

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানারআপ রাশেদ বলী।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে প্রাথমিক ও সেমিফাইনাল লড়াই শেষে এই দুই প্রতিযোগী ফাইনালে জায়গা করে নেন। শরীফ এর আগের দুই আসরেও শিরোপা জিতেছেন। গতবারের ফাইনালেও তিনি রাশেদকে হারিয়েছিলেন।

জানা গেছে, এবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০৮ জন বলী অংশ নেন প্রতিযোগিতায়। দিনভর হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়ে ফাইনালে ওঠেন শরীফ ও রাশেদ। কুস্তির মঞ্চে যেখানে শরীফ টানা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছেন, সেখানে রাশেদ চাইছেন আগের পরাজয়ের প্রতিশোধ নিতে।

বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি ও আশপাশ এলাকায় বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, গৃহস্থালি সামগ্রী, মাটির খেলনা ও ঐতিহ্যবাহী খাবারের পসরা ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই হাজারো মানুষের সমাগমে জমে উঠেছে পুরো এলাকা।

এদিকে ফাইনালকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে বলীখেলার শেষ লড়াই ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা।

১৯০৯ সালে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এই বলীখেলার প্রচলন করেছিলেন। এবার ১১৭তম আসর। মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং করোনার কারণে তিন বছর বলীখেলা হয়নি। সময়ের সঙ্গে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। শত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও লালদীঘির এই বলীখেলা এখনও সমানভাবে টানে দর্শকদের।